শোবিজের পরিচিত মুখ মারিয়া মিম। বিভিন্ন ইস্যুতে একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন তিনি। এবার ছোট পোশাক পরা নিয়ে আলোচনায় এসেছেন এ অভিনেত্রী।
মারিয়া মিম সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। নিজের আবেদনময়ী ছবি শেয়ার করে নাড়িয়ে দেন নেটিজেনদের। সম্প্রতি তারকাদের নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়েছেন এই মডেল। ক্রিকেট মাঠেই এক সাক্ষাৎকারে জানান, পশ্চিমা পোশাক পরতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি।
মারিয়া মিম বলেন, ‘আমার পোশাক নিয়ে সমালোচনা শুনতে হয়। কিন্তু আমি তো দেশে ছোট পোশাক পরি না, বিদেশে পরি। কারণ আমি বেড়ে উঠেছি বার্সেলোনায়। সে কারণে ওয়েস্টার্ন পোশাক পছন্দ করি। এ ধরনের পোশাকে আমাকে ভালোও লাগে।’
তিনি আরও বলেন, ‘বলিউডের কেউ ছোট পোশাক পরলে তখন প্রশংসা করা হয়, কিন্তু আমরা ছোট পোশাক পরলে সেটা ভালো লাগছে না। আমি মনে করি, মানুষের মেন্টালিটি পরিবর্তন করা উচিত। কারণ মিডিয়ায় কাজ করতে হলে তো গ্ল্যামারাস থাকতে হবে, সুন্দর ড্রেস পরতে হবে।’
এ সময় প্রাক্তন স্বামী অভিনেতা সিদ্দিকুরের বিষয়েও প্রশ্নের মুখে পড়েন অভিনেত্রী। তবে সিদ্দিককে নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। শুধু এটাই বলেছেন, ‘তার সঙ্গে আমার বিচ্ছেদ হয়েছে ৬-৭ বছর আগে। সে তো আমার স্বামী নয়, তাই এ বিষয়ে কিছুই বলতে চাই না।’
২০১৮ সালে বিজ্ঞাপনের মাধ্যমে মডেলিং জগতে পা রাখেন মারিয়া মিম। এরপর ২০২১ সালে ‘হ্যালো সোহানা’ নামক একটি ওয়েব ফিল্মে অভিনয় করেন। ২০১২ সালে অভিনেতা সিদ্দিকুর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মারিয়া মিম। ২০১৩ সালে তাদের প্রথম সন্তান আরশ হোসেনের জন্ম হয়। তবে ২০১৯ সালের শেষের দিকে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।


