ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাচ্ছে ওয়েব সিরিজ ‘ফ্যাঁকড়া’। এটি নির্মাণ করেছেন আসিফ চৌধুরী। বুধবার (৭ মে) সন্ধ্যায় সংবাদ সম্মেলনে এমনটাই জানানো হয়। বলা হয়, বঙ্গতে মুক্তি পাবে টানটান উত্তেজনায় ভরপুর ‘ফ্যাঁকড়া’।
সংবাদ সম্মেলনে নির্মাতা আসিফ চৌধুরী বলেন, “আমাদের ‘ফ্যাঁকড়া’ সিরিজ শুধু একটি থ্রিলার নয়, এটি এক যন্ত্রণাময় ও মানবিক গল্প, যেখানে আছে ভালোবাসা, আত্মত্যাগ, প্রতিশোধ এবং অপরাধজগতের গল্প।”
ওয়েব সিরিজটির গল্প অসাধারণ। এতে গোলাপী চরিত্রে অভিনয় করেছে নিদ্রা নেহা। এমনটাই জানিয়েছেন এ অভিনেত্রী। বলেন, ‘এই নামটি শুনেই সিরিজটিতে অভিনয়ের জন্য রাজি হয়েছি। প্রেমের জন্য অপরাধ এবং ভুলের পরণতি, সেখানে কতগুলো মানুষ জড়িয়ে পড়ে সেই গল্প পর্দায় দেখাবেন নির্মাতা। অবশেষে সিরিজটি মুক্তি পেতে যাচ্ছে ভেবে ভালোই লাগছে। চেষ্টা করেছি গোলাপী চরিত্রটি ফুটিয়ে তুলতে। কতটুকু পেরেছি, দর্শক তা ভালো বলতে পারবেন।’
গল্পে দেখা যাবে, প্রেমিকা গোলাপিকে পেতে প্রচুর অর্থের প্রয়োজন সামাদের। সেই অর্থ জোগাড় করতে বন্ধুদের সহায়তা চায় সে। এক সময় সবাই মিলে ছিনতাইয়ের পরিকল্পনা করে। ছিনতাই করার সময় ভুলবশত খুন হয়ে যায় এক নারী। সব ওলটপালট হয়ে যায়। প্রতিশোধ নিতে তাদের পিছু নেয় সেই নারীর স্বামী। পুলিশও খুঁজতে থাকে তাদের।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শ্যামল মাওলা, নিশাত প্রিয়ম, সারা আলম, পার্থ শেখ, মীর রাব্বি, আবদুল্লাহ আল সেন্টুসহ আরও অনেকে।


