ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত অ্যাকশনধর্মী সিনেমা ‘তাণ্ডব’। সুপারস্টার শাকিব খান ও পরিচালক রায়হান রাফীর এই যৌথ প্রয়াসটি ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। গোপনেই ‘তাণ্ডব’ সিনেমার কাজ শুরু করেছিলেন পরিচালক রায়হান রাফী।
সিনেমার কোনো লুক ও ছবি প্রকাশ যেন না হয় সেজন্য নিয়েছিলেন কড়া নিরাপত্তার ব্যবস্থাও। তবে শেষ রক্ষা হয়নি। এরইমধ্যে ছবিতে শাকিবের লুক ফাঁস হয়েছে। প্রকাশ হয়েছে সাবিলা নূরের সঙ্গে শাকিবের ভিডিওসহ অনেক এক্সক্লুসিভ তথ্যও। সেগুলো নিয়ে আলোচনা চলছে নেটপাড়ায়।
এবার জানা গেল ছবিটির আরও এক চমকের খবর। ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয় করছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা-নির্মাতা আফজাল হোসেন। এ সিনেমা দিয়ে প্রথমবার তার সঙ্গে অভিনয় করতে দেখা যাবে শাকিব খানকে। দুই প্রজন্মের অত্যন্ত জনপ্রিয় দুই অভিনেতার একসঙ্গে কাজ করার খবরে সোশ্যাল মিডিয়ায় ভক্ত-অনুরাগীদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে।
সিনেমাটির সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে, পুলিশের বিশেষ বাহিনীর প্রধান হিসেবে অভিনয় করবেন আফজাল হোসেন। এ ব্যাপারে নির্মাতা রায়হান রাফি বলেন, এসব নিয়ে এখনই কিছু বলতে চাই না। আগে নির্মাণের কাজ শেষ করতে চাই। ‘তুফান’ সিনেমার চেয়েও বেশি চ্যালেঞ্জ নিয়ে এবার কাজ করতে হচ্ছে। সিনেমার ফাইট ডিরেক্টর ও অনেক কলাকুশলী থাকবেন বিদেশের। অনেক চমক আছে সিনেমায়।
ঢাকার এফডিসির পর রাজশাহীর বিভিন্ন লোকেশনে শাকিব-সাবিলা ও আফজাল হোসেন শুটিং করছেন। ইতোমধ্যে এ সিনেমায় ৭০ শতাংশ শুটিং সম্পন্ন হয়েছে বলেও নিশ্চিত হওয়া গেছে।


